ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে নির্ধারিত সফরসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, আগামী এক-দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে। তবে নতুন তারিখ ও কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা হয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফরের কথা জানানো হয়েছিল।

চিঠিতে সফরকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সফরের বিস্তারিত সূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। এ কারণে তার সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও এ নিয়ে প্রস্তুতি শুরু হয়।

তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত হওয়ায় পূর্বনির্ধারিত প্রস্তুতি সাময়িকভাবে থেমে গেছে। নতুন সফরসূচি নির্ধারিত হলে সে অনুযায়ী আবারও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর নিজ জেলা সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল।

এখন নতুন সফরসূচির দিকে তাকিয়ে রয়েছেন জেলার স্থানীয় বাসিন্দারা। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন তারিখ নির্ধারণ হলে রাষ্ট্রপতির সফর নিয়ে পরবর্তী প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


এ সম্পর্কিত আরো খবর