ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৫ পিএম

পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই ডিআইজি, চার অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটনের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে মো. আসলাম উদ্দিনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকেও একই ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া কয়েকজন কর্মকর্তার আগের বদলি আদেশও বাতিল করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বদলি ও পদায়নের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।


এ সম্পর্কিত আরো খবর