ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৯ পিএম

দেশের সার ব্যবস্থাপনা ও সরবরাহসংক্রান্ত কার্যক্রম তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জারি করা এই আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


গঠিত নতুন এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। এতে সদস্য হিসেবে রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।


প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে এই মন্ত্রিসভা কমিটি। পাশাপাশি ডিলার নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রমও তারা নিবিড়ভাবে তদারকি করবে। সার ব্যবস্থাপনায় বা বণ্টনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবে তারা। কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে কৃষি মন্ত্রণালয়।


এ সম্পর্কিত আরো খবর