ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:২০ পিএম

অনলাইন রিপোর্টার
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চান। প্রশ্নের একপর্যায়ে ওই সাংবাদিক বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি, আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংবাদিকের উদ্দেশে আন্দালিভ রহমান পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সঙ্গে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’

আন্দালিভ রহমান পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনার সূত্রপাত হয় সংবাদ সম্মেলনের এই বক্তব্যের পর। তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী। জাতীয় পার্টি বিভক্ত হওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন নাজিউর রহমান মঞ্জু। ২০০৮ সালে তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন আন্দালিভ রহমান পার্থ।

আন্দালিভ রহমান পার্থর পরিবারের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাঁর মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। অন্যদিকে পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ে। সে হিসেবে পারিবারিক সম্পর্কে শেখ হাসিনা পার্থর ফুফু হন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, এবং আমি যেটা জানি, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছে না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয়, এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা রয়েছে সরকারের।

তিনি বলেন, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।’

তথ্যমন্ত্রীর বক্তব্যে একই সঙ্গে তাঁর সরকারি দায়িত্ব ও পারিবারিক পরিচয়ের বিষয়টি আলোচনায় আসে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজের মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গাটিকে সামনে রেখে প্রশ্ন করার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। একই সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান এবং এ-সংক্রান্ত সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে আন্দালিভ রহমান পার্থ আরও জানান, সরকারের প্রত্যাশা হলো যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা। বিশেষ করে জুলাই আন্দোলনসহ এর আগের ঘটনাগুলোরও সঠিক বিচার হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর