মাদ্রিদ
ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে
হারের পর সৃষ্ট রেফারিং
বিতর্ক রূপ নিয়েছে এক নতুন দ্বন্দ্বে।
ক্লাবটির অফিশিয়াল সম্প্রচারমাধ্যম নিয়ে লা লিগা সভাপতি
হাভিয়ের তেবাসের এক মন্তব্যের পর
তার বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, লা লিগায় নিরপেক্ষ
ও দায়িত্বশীল নেতৃত্ব ফিরিয়ে আনতে তেবাসের অবিলম্বে পদত্যাগ বা নেতৃত্ব পরিবর্তনের
দাবি তুলেছে লস ব্লাঙ্কোসরা। রয়টার্সের
এক প্রতিবেদনে এই তথ্য জানানো
হয়েছে।
গত
ডার্বি ম্যাচের পর রেফারিং নিয়ে
রিয়াল মাদ্রিদের তীব্র ক্ষোভের জবাবে লা লিগা সভাপতি
হাভিয়ের তেবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির অফিশিয়াল টিভি চ্যানেলকে ‘দ্য রেজিমস টেলিভিশন’ বলে কটাক্ষ করেন। তেবাসের এই বক্তব্যের পরপরই
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কঠোর ও ঝাঁঝালো বিবৃতি
প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি অভিযোগ করে, লা লিগার মতো
একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও তেবাস তার প্রাতিষ্ঠানিক পদের অপব্যবহার করে নিয়মিতভাবে রিয়াল মাদ্রিদকে আক্রমণ ও হেয় প্রতিপন্ন
করার চেষ্টা করছেন।
বিবৃতিতে
রিয়াল আরও উল্লেখ করে, স্প্যানিশ লিগের সমস্ত ক্লাবের স্বার্থ রক্ষা ও নিরপেক্ষতা বজায়
রাখার মূল দায়িত্ব যার কাঁধে, তার এমন একঘেয়ে ও রিয়ালপ্রীতিহীন আচ্ছন্নতা
অত্যন্ত উদ্বেগজনক। একজন সাংবাদিকের লেখার সূত্র ধরে তেবাস যেভাবে বারবার ক্লাবটির খেলাধুলাসংক্রান্ত কৌশল ও পরিকল্পনা নিয়ে
মন্তব্য করেছেন, সেটিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’ ও ‘অশোভন আচরণ’
বলে আখ্যা দিয়েছে ক্লাবটি। লা লিগার নিরপেক্ষতা
নিশ্চিত করার পরিবর্তে সভাপতির এমন পক্ষপাতমূলক কার্যকলাপ বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ।
পরিস্থিতি
এমন পর্যায়ে পৌঁছেছে যে, লা লিগার বর্তমান
নেতৃত্ব পরিবর্তনের জোরালো দাবি তুলেছে রিয়াল মাদ্রিদ। ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করে আসা তেবাসের নাম উল্লেখ করে ক্লাবটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, লা লিগার সভাপতি
এই প্রতিযোগিতার মালিক নন, বরং ক্লাবগুলোর দেওয়া আস্থার একজন পরিচালক মাত্র। তাই স্পেনের পেশাদার ফুটবলের মৌলিক নিরপেক্ষতা টিকিয়ে রাখতে এখন এমন একজন দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার
প্রয়োজন যিনি পদের মর্যাদা ও সীমা বজায়
রাখতে জানেন। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন
ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও হাভিয়ের তেবাসের
মধ্যকার বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছিল। (সূত্র: রয়টার্স)