ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠতে চলেছে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস বা ডব্লিউসিএলের নতুন আসরের। আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়ানো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অভিজ্ঞ ও পরিচিত মুখদের নিয়ে শক্তিশালী 'বাংলাদেশ চ্যাম্পিয়ন্স' দল ঘোষণা করা হয়েছে। দলটির নেতৃত্বভার অর্পণ করা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।
আসন্ন এই প্রতিযোগিতায় সাবেক ও তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকায় ব্যাটিং বিভাগকে সমৃদ্ধ করতে রাখা হয়েছে ইমরুল কায়েেসর মতো পরীক্ষিত ব্যাটারকে। এছাড়া উইকেটরক্ষক ও ব্যাটার হিসেবে স্কোয়াডে রয়েছেন রনি তালুকদার। অলরাউন্ডার কোটায় দলের শক্তি বাড়াতে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ নাসির হোসেন, জিয়াউর রহমান ও শুভাগত হোমকে।
বোলিং আক্রমণভাগে পেস বোলিং সামলানোর দায়িত্ব থাকছে রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী ও আবু জায়েদ চৌধুরীর ওপর। অন্যদিকে স্পিন বিভাগে প্রতিপক্ষের ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে দলে রাখা হয়েছে আরাফাত সানী ও এনামুল হক জুনিয়রকে। দলের মিডল অর্ডার ও ব্যাটিং গভীরতা বাড়াতে যুক্ত করা হয়েছেন জহুরুল ইসলাম অমি ও ফজলে মাহমুদ রাব্বীকে। দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের চেনা এই তারকারা মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিদের এই লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরাও।
আকাশজমিন / আরআর