ক্রীড়া ডেস্ক
১৬ বছর ধরে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদকের অপেক্ষায় বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই সোনা জয়ের পর ২০১৪ ও ২০২৩ সালের আসরে আর সেই সাফল্য পায়নি বাংলাদেশ। এবার জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বর্ণপদক জিততে চান অধিনায়ক লিটন কুমার দাস।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট অভিযান শুরু হবে বৃহস্পতিবার। তবে র্যাঙ্কিংয়ের কারণে প্রথম রাউন্ডে বাই পেয়েছে বাংলাদেশ। ফলে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে লিটন কুমার দাসের দল। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ।
কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে খেলবে ওমান, হংকং ও মালয়েশিয়া। এই গ্রুপের শীর্ষ দল আগামী মঙ্গলবার নাগোয়ার নিশিনে বাংলাদেশের মুখোমুখি হবে।
প্রতিপক্ষের নাম নিশ্চিত না হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মতো বাংলাদেশও পূর্ণ শক্তির দল নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মূল টুর্নামেন্টের আগে দেশে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দলটি।
বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন লিটন কুমার দাস। তিনি জানান, দীর্ঘ সময় পর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় দলের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও শক্ত হয়েছে।
লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি অনেকদিন পর। আমরা লাস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলেছি জিম্বাবুয়েতে। ওখান থেকে একসাথে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ দুইটি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা প্রস্তুতিগত দিক থেকে খুবই ভালো। অবশ্যই এখানে টার্গেট তো একটাই থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো কিছু করতে পারি।’
লিটনের আন্তর্জাতিক অভিষেকের পর বাংলাদেশ একবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়েছিল। তবে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের সময় ওয়ানডে বিশ্বকাপও চলছিল। ফলে লিটনসহ জাতীয় দলের মূল ক্রিকেটাররা সেই আসরে খেলেননি।
এবারই প্রথম এশিয়ান গেমসের মঞ্চে খেলবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানরা। তাই অভিষেক আসরেই দলের সর্বোচ্চ সাফল্য অর্জন করতে চান বাংলাদেশের অধিনায়ক।
লিটন বলেন, ‘বাংলাদেশ দল (এশিয়ান গেমস) খেলেছে অনেকবার। তবে আমিসহ অনেকে প্রথমবার খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলের হয়ে সার্ভ করছি। এরকম একটা জায়গায় খেলাও বড় জিনিস। সবসময় জিতলে আপনি ট্রফি জিতবেন। তবে এখানে একটা স্বর্ণপদকের বিষয় থাকে। এটাই একটা বড় স্বপ্ন। আমার মনে হয় সব ক্রিকেটারই অনেক রোমাঞ্চিত।’
এশিয়ান গেমস নিয়ে দলের প্রত্যাশা প্রসঙ্গে লিটন জানান, খেলোয়াড়দের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। কারণ এমন আসর নিয়মিত হয় না।তিনি বলেন, ‘প্রত্যাশা তো সবারই থাকবে। আমিও ক্রিকেটার হিসেবে প্রত্যাশা নিয়েই যাব যে, ওখানে ভালো কিছু করব। একটা জিনিস বলতে পারি যে ছেলেরা অনেক আগ্রহী এই টুর্নামেন্টটা খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টটা প্রতি বছর আসে না।’
লিটনের ভাষায়, ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা জাতীয় দলের ক্রিকেট নিয়মিত সুযোগ দিলেও এশিয়ান গেমসের মতো মঞ্চে খেলার সুযোগ বারবার আসে না। তাই স্বর্ণপদক জয়ের বড় স্বপ্ন পূরণেই সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ।