ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,  ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না: নয়াপল্টনে গয়েশ্বর রায় এক দিনে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক খাইবার পাখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে বোমা হামলা: নিহত ১১ জাসদ কার্যালয়ের সামনে থেকে তিনশ' ব্যক্তি আটক, যাচাই-বাছাই শুরু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে মিরপুরে রাড্ডা সেন্টার ধ্বংসের ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের পাকিস্তানি সাংবাদিকের উসকানিমূলক প্রশ্নের কড়া জবাব দিলেন এস জয়শঙ্কর এআই দিয়ে বার্তা পাঠিয়ে ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েব

গাইবান্ধায় বাড়ছে অ্যানথ্রাক্স সংক্রমণ, সুন্দরগঞ্জেকে হটস্পট ঘোষণা


  • আপলোড সময় : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫২ এএম

রংপুর বিভাগে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যানথ্রাক্স। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে রোগটির অন্যতম প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা স্থানীয় জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে অন্তত ৫৩ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কেবল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ১৯ জন নারী, ১৪ জন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। এছাড়া রংপুর ও দিনাজপুরে ১৬ জনের দেহে অ্যানথ্রাক্সের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল।

 

অনুসন্ধানে জানা গেছে, আক্রান্তদের সিংহভাগই অসুস্থ গবাদিপশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ কিংবা সরাসরি সংস্পর্শে আসার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। চলতি মাসের ১১ তারিখে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের বাছহাটি গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে কম দামে প্রায় একশ পরিবারের মধ্যে মাংস বিক্রি করা হয়। যথাযথ পরীক্ষা ছাড়াই এই মাংস বিতরণের ফলেই মূলত স্থানীয় পর্যায়ে রোগটির বড় ধরনের বিস্তার ঘটে। পরবর্তীতে সর্বানন্দ, তারাপুর, কঞ্চিবাড়ী, সোনারায় ও রামজীবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের শরীরে জ্বর ও ত্বকে ফোস্কার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাণিসম্পদ দপ্তর বাছহাটি গ্রাম থেকে মাংসের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) পাঠায়, যেখানে গত ২৩ সেপ্টেম্বর অ্যানথ্রাক্সের জীবাণু থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর পরপরই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর বিশেষ টিম সুন্দরগঞ্জ পরিদর্শন করে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে এবং সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেয়।

 

সুন্দরগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলাতেও অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। সেখানকার চাওলা ইউনিয়নের আদমপাড়া গ্রামে ১৩ জনের শরীরে রোগটির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এর আগে আগস্টের শেষ সপ্তাহে পীরগাছায় এক সেনাসদস্য ও তাঁর পরিবারের সদস্যদের শরীরেও অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছিল।

 

অ্যানথ্রাক্সের বিস্তার রোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মাইকিং, প্রশাসনিক বৈঠক এবং মসজিদের ইমামদের মাধ্যমে অসুস্থ পশু জবাই না করা এবং সন্দেহজনক পশুর মাংস বর্জনের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি আক্রান্ত এলাকার গবাদিপশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলছে। সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় দুই লাখ ৫৪ হাজার গবাদিপশু রয়েছে। রিং ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে এবং আরও টিকা সংগ্রহ ও বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বিশেষজ্ঞ গবেষকরা গরুর পাশাপাশি ছাগল, ভেড়া ও মহিষের মতো অন্যান্য গবাদিপশুকেও সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনায় নেওয়ার এবং সেগুলোকে টিকাদানের আওতায় আনার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, দ্রুত অসুস্থ পশু শনাক্তকরণ, মাংস বিক্রি বন্ধ করা এবং আক্রান্ত পশুর সংস্পর্শ এড়ানোর মাধ্যমেই কেবল এই সংক্রমণ পুরোপুরি রোধ করা সম্ভব।


এ সম্পর্কিত আরো খবর