ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ ঘটনায় মিতু আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. বেলাল হোসেন (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার টেংগুরি এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় মিতু আক্তারকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতুর স্বামী মো. বেলাল হোসেন সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তাঁর ফেলে যাওয়া আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক ওজন ১০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তার মিতু আক্তার বগুড়ার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার মামুনুর রশিদের মেয়ে এবং মো. বেলাল হোসেনের স্ত্রী। বর্তমানে তাঁরা গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মিতু আক্তার ও পলাতক বেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার মিতু আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।