পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসকরা অংশ নেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক নানা সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
মতবিনিময়ে কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক মর্যাদা হারানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মাঠপর্যায়ে জনপ্রতিনিধিদের কাজের পরিবেশ জটিল হয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও আগের মতো কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না তারা।
সংরক্ষিত নারী সদস্যরাও পরিষদে বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও পুরুষ সদস্য ও ইউনিয়ন পরিষদের কাছ থেকে তারা যথাযথ সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের দাবি জানান তারা।
জনপ্রতিনিধিদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি ধাপে ধাপে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টার, বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।