শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তের গারো পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রনিশিমুল ইউনিয়নের খ্রিষ্টান পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল বালিজুরি খ্রিষ্টান পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কার্টনের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও চোরাকারবারি দলের সদস্যরা মদভর্তি কার্টন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় থাকা মদের বোতলগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম শনিবার দুপুরে মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার করা মদগুলো পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল।
বিজিবির তথ্যমতে, জব্দ করা ৯৬ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মদের বোতলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে অবৈধভাবে মাদক, গরু, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী, যানবাহনের যন্ত্রাংশ, ওষুধ, জিরাসহ বিভিন্ন মসলা, শিশু খাদ্যসহ নানা পণ্য দেশে নিয়ে আসছে। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরুসহ বিভিন্ন পণ্য আটক করলেও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তুলনামূলকভাবে কম বলে স্থানীয়দের অভিযোগ।