‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’। দ্রুত বর্ধমান জনসংখ্যার যুগে পরিকল্পিত আবাসন এবং টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই দিবসের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পরিকল্পিত ও টেকসই নগরায়ণ, প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও উপযোগী আবাসন ব্যবস্থা এবং একটি বাসযোগ্য পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা রোধ করা জরুরি। তাই দ্রুত বর্ধমানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।
সবার জন্য নিরাপদ, টেকসই ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে কেবল সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত ও যৌথপ্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান বক্তারা। পরিশেষে, টেকসই নগর বিনির্মাণে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।