তিনি সংবাদমাধ্যমকে জানান, সকালে হঠাৎ করে কিছু লোক স্লোগান দিতে দিতে তার বাসার সামনে এসে জড়ো হয়। মূল ফটক বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। তবে ক্ষিপ্ত হয়ে বাইরে থেকে এলোপাতাড়ি ইটপাটকেল ও ঢিল ছুড়তে থাকে। দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে বাড়ির সামনের অংশের জানালার কাচসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা তাকে ভারতের এবং আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ধরনের হামলার কারণ সম্পর্কে তিনি পুরোপুরি অন্ধকারে রয়েছেন বলে উল্লেখ করেন।
এদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে কারা জড়িত বা ঠিক কোন গোষ্ঠী এর নেপথ্যে রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসাটি লক্ষ্য করে যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি নিশ্চিত হওয়ার আগেই হামলাকারীরা সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।