ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

৭৭ বছরেও থামেননি ঘটক মোহাম্মদ আলী, ৫১ বছরে ৫২০ বিয়ে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৫ এএম

জীবনের শুরুর দিকটা ছিল কঠিন সংগ্রামের, হাতের কাছে ছিল না পৈতৃক জমিজমা কিংবা নিশ্চিত আয়ের কোনো পথ। তবু মানুষের জীবনে নতুন জুটি গড়ার মাঝেই জীবনের অর্থ খুঁজে নিয়েছেন চাঁদপুরের প্রবীণ ঘটক মোহাম্মদ আলী প্রধান। ৭৭ বছর বয়সে এসেও থেমে যাননি তিনি; দীর্ঘ ৫১ বছর ধরে ঘটকালির পেশায় যুক্ত থেকে ৫২০টি বিয়ের মধ্যস্থতা করেছেন বলে দাবি করেছেন এই প্রবীণ ব্যক্তি। শখের বশে শুরু করা এই কাজই একসময় তাঁর জীবিকার অবলম্বন এবং সমাজে আলাদা পরিচিতির ভিত্তি হয়ে উঠেছে।


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামে জন্ম নেওয়া মোহাম্মদ আলী প্রধানের শৈশব ছিল সংগ্রামমুখর। তিনি চতুর্থ শ্রেণিতে পড়ার সময়, মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবা মারা যান। বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার আকস্মিক মৃত্যুতে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। মা এবং দুই বোনের খরচ জোগাতে কিশোর বয়সেই কৃষিশ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। তবে কৃষিশ্রমিকের সামান্য আয়ে পরিবারের খরচ ঠিকমতো চলত না। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে নবম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মোহাম্মদ আলী।


জীবিকার তাগিদে নানা পথ খুঁজতে খুঁজতে ১৯৭৫ সালে ঘটকালির কাজে যুক্ত হন মোহাম্মদ আলী প্রধান। শুরুর দিকে কেবল শখের বশে দু-একটি বিয়ের ঘটকালি করতেন তিনি। ধীরে ধীরে সেই শখই তাঁর পেশা ও নেশায় পরিণত হয়। পাত্র-পাত্রীপক্ষের কাছ থেকে পারিশ্রমিক বা উপহার হিসেবে যা পান, তা দিয়েই সংসারের চাকা সচল রাখেন। দীর্ঘ অধ্যবসায় ও আন্তরিকতায় তাঁর সংসারে সচ্ছলতা ফিরে আসে। এই আয়ের মাধ্যমেই তিনি এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন এবং দুই মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন। মোহাম্মদ আলীর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে; আড়াই বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন।


নদীভাঙনের কারণে পৈতৃক ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় ১৯৯৫ সালে মতলব উত্তর ছেড়ে মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন মোহাম্মদ আলী প্রধান। বর্তমানে নবকলস এলাকায় নিজের তৈরি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছেন তিনি। স্থানীয় মহলে তিনি ‘ঘটক মোহাম্মদ আলী ভাই’ নামেই পরিচিত। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় উপযুক্ত পাত্রপাত্রীর বিয়ের মধ্যস্থতা করছেন তিনি।


মোহাম্মদ আলী প্রধানের কাজের একটি বিশেষ দিক হলো আর্থিকভাবে অসচ্ছল পরিবারের প্রতি তাঁর সহমর্মিতা। তিনি জানান, গরিব মেয়েদের বিয়ের ঘটকালি করে কোনো পারিশ্রমিক বা উপহার নেন না। এখন পর্যন্ত বিনা পারিশ্রমিকে ৩০ থেকে ৩৫টি মেয়ের বিয়ের মধ্যস্থতা করেছেন তিনি। এমনকি অনেক ক্ষেত্রে নিজের পকেটের টাকা খরচ করেও অসহায় ও দরিদ্র মেয়েদের পাত্রস্থ করার উদ্যোগ নিয়েছেন। পাত্রপাত্রীর চার হাত এক করে দিতে পারলেই মনে প্রশান্তি পান বলে জানান এই প্রবীণ ঘটক। তাঁর ভাষ্য, যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই কাজ চালিয়ে যাবেন।


গত রোববার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণের নবকলস এলাকার একটি চায়ের দোকানে বসে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ আলী। সে সময় এক মেয়ের বিয়ের বিষয়ে মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এই পেশায় থাকার অভিজ্ঞতা ও মানুষের আস্থা অর্জনের গল্প উঠে আসে তাঁর কথায়। তাঁর দাবি, তাঁর মধ্যস্থতায় হওয়া প্রতিটি বিয়েরই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং পাত্র বা পাত্রীপক্ষ খুশি হয়ে যা দিয়েছে, তা-ই তিনি গ্রহণ করেছেন।


স্থানীয়দের মতে, ঘটকালি কাজে মোহাম্মদ আলী প্রধানের সততা ও আন্তরিকতা তাঁকে আলাদা গ্রহণযোগ্যতা দিয়েছে। মতলব উত্তর উপজেলার নাউরী এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম জানান, মাসখানেক আগে মোহাম্মদ আলীর মাধ্যমে তাঁর মেয়ের বিয়ে হয়েছে। তাঁর মাধ্যমে মেয়েকে ভালো পরিবারে পাত্রস্থ করতে পেরে তিনি সন্তুষ্ট। উপজেলা সদরের এক কলেজশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটক মোহাম্মদ আলী আন্তরিকতার সঙ্গে তাঁর মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করেছেন। তিনি তেমন অর্থ দাবি করেননি, বরং যা দেওয়া হয়েছে তা-ই গ্রহণ করেছেন। ওই শিক্ষকের মতে, পাত্র বা পাত্রীপক্ষের কাছে কোনো তথ্য গোপন করেন না মোহাম্মদ আলী।


স্থানীয় কাজি অফিস ও জনপ্রতিনিধিরাও তাঁর দীর্ঘ কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। নবকলস এলাকার কাজি অফিসের কাজি সোহেল আহম্মদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীকে চেনেন। তাঁর ঘটকালিতে বহু ছেলে-মেয়ের বিয়ে হয়েছে এবং তাঁর কার্যালয়েই অন্তত ২০টি বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে। মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন মৃধা বলেন, মোহাম্মদ আলী বহু বছর ধরে ঘটকালির সঙ্গে যুক্ত এবং এ কাজে তাঁর সুনাম রয়েছে; বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিতভাবে কাজটি করে যাচ্ছেন।


প্রবীণ এই ঘটকের কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন প্রশাসনের কর্মকর্তাও। মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, তিনি ঘটক মোহাম্মদ আলী প্রধানকে চেনেন। তাঁর মতে, ঘটকালি একটি সম্মানজনক ও পুণ্যের কাজ, আর বৃদ্ধ বয়সেও যেভাবে তিনি এই পেশা ধরে রেখেছেন, তা সমাজের জন্য একটি দৃষ্টান্ত।


এ সম্পর্কিত আরো খবর