মোঃ বাকি অনিক ,কুমিল্লা প্রতিনিধি
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে পুরো এলাকা এখন উৎসবমুখর ও সরগরম হয়ে উঠেছে। প্রার্থীদের জমকালো প্রচার-প্রচারণায় স্থানীয় সরকার নির্বাচনের জাঁকজমককেও ছাড়িয়ে গেছে এই আয়োজন। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে মার্কেটের আশপাশের সড়ক ও অলিগলি ছেয়ে যাওয়ায় একদিকে যেমন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও বিধিমালা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে। মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের প্রধান সড়ক ও সংযোগ অলিগলিতে ঝুলছে নানা রঙের ব্যানার ও ফেস্টুন। স্থানীয় সরকার নির্বাচনে অনেক সময় যে ধরনের প্রচার-প্রচারণা চোখে পড়ে, কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির এই নির্বাচনে তার চেয়েও বেশি জাঁকজমক লক্ষ্য করা যাচ্ছে। বিশাল আকৃতির ব্যানার, আলোকসজ্জা ও পোস্টারের ছড়াছড়িতে দেখে মনে হচ্ছে যেন কোনো বড় রাজনৈতিক বা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে এই অতিরিক্ত প্রচার-প্রচারণার কারণে শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্ট, বিভিন্ন ভবনের দেয়াল এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মূল ফটকের আশপাশে নির্বিচারে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এভাবে যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানো ও দেয়াল লিখন আইনবহির্ভূত এবং প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।
একটি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব বাছাইয়ের নির্বাচনকে কেন্দ্র করে এমন বর্ণাঢ্য ও ব্যয়বহুল প্রচারণা নতুন করে নানা ভাবনার জন্ম দিয়েছে। সাধারণত ব্যবসায়িক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে পরিচিতি, কর্মসূচি ও ব্যবসায়ী কল্যাণের বিষয়গুলোই প্রধান্য পাওয়ার কথা। কিন্তু বিপুল পরিমাণ প্রচারসামগ্রী ব্যবহারের প্রবণতা নির্বাচনী ব্যয় এবং পরিবেশগত শৃঙ্খলা নিয়েও আলোচনা তৈরি করেছে।
শহরের দৃশ্যমান পরিবেশ ঠিক রাখা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রচারণা চালানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখলে যেমন শহরের সৌন্দর্য রক্ষা পাবে, তেমনি আইন লঙ্ঘনের অভিযোগ থেকেও প্রার্থীরা মুক্ত থাকতে পারবেন।
সব মিলিয়ে কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে এখন পুরো এলাকায় বাড়তি উত্তাপ বিরাজ করছে। ভোটার ও ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচন হোক উৎসবমুখর ও শান্তিপূর্ণ। তবে প্রচারণার জাঁকজমক ও আনুষ্ঠানিকতার পাশাপাশি ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ রক্ষা, বাজারের সমস্যা সমাধান এবং সংগঠনের দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্ব নির্বাচনই যেন মূল গুরুত্ব পায়।