রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, বিপুল টাকা ও স্বর্ণালংকারের লোভে চুরির পরিকল্পনা নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয় এবং পরে একে একে পরিবারের আরও তিন সদস্যকে খুন করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত অন্যান্য সাক্ষ্য ও তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে দাবি করেন, চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটে। তিনি জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রচুর টাকা ও স্বর্ণালংকার আছে এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী স্বর্ণালংকার পরতেন—এমন আলোচনার ভিত্তিতেই দুই আসামি চুরির ছক কষেন।
সনাতন চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন এবং এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়েও সিদ্ধার্থ ও মুগ্ধ ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন দুই আসামি এবং সে সময় ইয়াবা সেবন করেন। ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে দেখে ফেলায় তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর শব্দ পেয়ে ছাদে আসা স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তীকেও হত্যা করা হয় এবং ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে খুন করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তিতে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায় বলে পুলিশ জানায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যার পর বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও প্রায় ১৫ হাজার নগদ টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনাস্থলের প্রায় ৩৫টি নমুনার ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপে দুই আসামির ডিএনএ পাওয়া যায়; পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ মেলেনি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার আলোচনা থাকলেও তদন্তে প্রায় ২০ লাখ টাকা পাওয়ার তথ্য মিলেছে, যা সোনালী ব্যাংকের দুটি হিসাবে জব্দ রয়েছে। মামলায় ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামতসহ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে বলে জানান পুলিশ কমিশনার।
তবে পুলিশের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তাঁর দাবি, টাকা চুরির জন্য চারজনকে হত্যার তথ্য খোঁড়া অজুহাত এবং এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে; দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয় বলে তিনি শুরু থেকেই দাবি করে আসছেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া বা দাসপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয় এবং গোপীনাথ চক্রবর্তী কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের ৯ দিন পর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ না মিললেও প্রকৃত ও সম্ভাব্য অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বজন, এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে।