মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের বন্ধ থাকা চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার বিকেলে কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।
পরিদর্শনকালে এ এইচ এম সফিকুজ্জামান কেন্দ্রটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, গণস্বাস্থ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলি, যৌনকর্মীদের উন্নয়নে কাজ করা সংগঠন পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল এবং কেকেএস টিপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল। এ ছাড়া সাংবাদিক শামীম শেখ, শফিকুল ইসলাম শামীম, শেখ রাজীব, মোজাম্মেল হক লাল্টু, মোঃ সাজ্জাদ হোসেন ও মইনুল হক মৃধাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সারাজীবন কাজ করে গেছেন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সারাদেশে এ ধরনের ৪৩টি কেন্দ্র রয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে দৌলতদিয়ার এই কেন্দ্রটি যৌনপল্লী ও আশপাশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাধারণ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে স্ক্রিনিং পরীক্ষাসহ নানা চিকিৎসা দিয়ে আসছিল। পাশাপাশি স্বল্প খরচে চোখের ছানি অপারেশন, সাশ্রয়ী মূল্যে ওষুধ বিতরণ এবং বৈদেশিক প্রকল্পের মাধ্যমে এইচআইভি এইডস ও সংক্রামক রোগের পরীক্ষা, সচেতনতামূলক সভা ও উঠান বৈঠক পরিচালিত হতো। তবে বর্তমানে কোনো প্রকল্প না থাকায় যৌনপল্লীর নারী-শিশুসহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ মানুষ সহজলভ্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
পরিস্থিতি উত্তরণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, খুব শীঘ্রই কেন্দ্রটিতে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং একজন আবাসিক চিকিৎসক নিয়োগ দিয়ে কার্যক্রম পুনরায় চালু করা হবে। সেই সঙ্গে কম খরচে অসহায় ও দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন এবং প্যাথলজিক্যাল সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান কেন্দ্রটি পুনরায় চালু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।