শতাধিক গুম-খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো নৃশংস মানবতাবিরোধী অপরাধের বিচারে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণার মতো। দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের এই যুক্তিতর্ক ঘিরে আদালতপাড়া ও জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্কে সাজা প্রসঙ্গে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, এ মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, সেগুলোর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়ায় অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে।
কোনো শাস্তিই হারানো জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মায়ের কাছ থেকে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে কোনো আদালতের রায়ই ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হওয়া অপরিহার্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই তাঁরা ট্রাইব্যুনালের সামনে উপস্থিত হয়েছেন।
শাস্তির দার্শনিক প্রেক্ষাপট তুলে ধরে দার্শনিক হেগেল ও আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসকে উদ্ধৃত করে তিনি বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার ও মৌলিক অধিকার। অন্যথায় রাষ্ট্র বা সমাজ অপরাধীকে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করছে না বলে ধরে নেওয়া হয়। আজ বিচার না হলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার বঞ্চিত হবে, রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হবে এবং দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকবে না।
অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। তবে সভ্যতা ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কথা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আনা সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার আবেদন করেন।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে দেশের জনগণের পক্ষে জিয়াউলকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে অভিহিত করেন রুহুল কুদ্দুস কাজল। তিনি জিয়াউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন।