ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ ও বন্ধুত্ব একসঙ্গে চলে না: জাতিসংঘে পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের মঞ্চ থেকে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি বজায় রাখার জোরালো আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারত তার আত্মরক্ষার অধিকার সর্বদা প্রয়োগ করবে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে জানান যে, সন্ত্রাসবাদ এবং দ্বিপক্ষীয় বন্ধুত্ব কখনো একসঙ্গে চলতে পারে না। দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইসলামাবাদকে অবশ্যই মদদপুষ্ট ও সীমান্ত পারের সন্ত্রাসবাদের পথ চিরতরে ত্যাগ করতে হবে। বিশ্ব ব্যবস্থার জন্য এই ধরনের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতাকৃত সন্ত্রাসবাদকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘের ভাষণে গত মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-কে একটি ‘অহেতুক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছিলেন। পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীর পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করার পাশাপাশি এই অভিযান বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান তিনি। তবে ভারতের পক্ষ থেকে জোরালোভাবে স্পষ্ট করা হয়েছে যে, মার্কিন হস্তক্ষেপে নয়, বরং পাকিস্তান সামরিক বাহিনীর নিজস্ব অনুরোধেই ওই সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের বিশ্বমঞ্চে ভারত ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি অবস্থান দক্ষিণ এশীয় ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। সন্ত্রাসবাদ ইস্যুতে দিল্লির কঠোর ও আপসহীন বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে।

সূত্র: রয়টার্স।

 


এ সম্পর্কিত আরো খবর