ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহর ঘোষিত ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে তীব্র সমালোচনা ও বিস্ফোরক মন্তব্য করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই কর্মসূচিতে সাধারণ মানুষকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান না দেওয়ার জোরালো আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ছাত্রদল নেতা হামিম অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট মহল মাঠে নতুন ফন্দি বা ধান্দা নিয়ে অবতীর্ণ হয়েছে। এর আগে বন্যার অনুদানের অর্থ তছরুপ করার অভিযোগ তুলে তিনি বলেন, এবার বিকেলে তাদের ‘ভিক্ষাবৃত্তি’র অদ্ভুত কর্মসূচি দেখা যাচ্ছে।
ছাত্রদল নেতা তার পোস্টে বিগত রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্টদের জীবনযাত্রার আমূল পরিবর্তনের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর যাদের পায়ে একসময় সাধারণ চটি স্যান্ডেল শোভা পেত, তাদের পায়ে এখন ‘এয়ার জর্ডান’ (Air Jordan) কিংবা ‘অ্যাডিডাস’ (Adidas)-এর মতো দামি ব্র্যান্ডের জুতো দেখা যাচ্ছে। সাধারণ সিম্ফোনি ফোনের জায়গা দখল করেছে ‘আইফোন প্রো ম্যাক্স’ (iPhone Pro Max)। ক্যাম্পাসে যারা একসময় সাধারণ বাইসাইকেলে যাতায়াত করতেন, ৫ আগস্টের পর তাদের অনেকেই দামি প্রাডো (Prado) গাড়িতে চড়ছেন বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে শেখ তানভীর বারী হামিম প্রশ্ন রাখেন, এতকিছুর পরও তাদের কেন ভিক্ষার প্রয়োজন পড়বে? এটি মূলত ৫ আগস্ট ২০২৪ থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে অর্জিত ‘কালো টাকা সাদা করার নতুন ধান্দা’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। দেশবাসীকে উদ্দেশ করে তিনি সতর্কবার্তা দিয়ে লেখেন, ‘সুতরাং, সাধু সাবধান।’