ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার জন্য ছোট্ট তুবার আকুতি: ভাইরাল সেই ঘটনার পেছনের গল্প পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি, আটকে গেল রূপপুরের জ্বালানি যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই নতুন শিক্ষাবর্ষে ফিরল ইরানি শিশুরা দক্ষিণ আফ্রিকার একুরহুলেনি এলাকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার ইউরোপে নাশকতার বড় পরিকল্পনা করছে রাশিয়া: ইইউ সতর্কতা দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে বাঁচলেন মোজতাবা হরমুজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত মিয়ানমার সেনার বিমান হামলায় রক্তাক্ত রাখাইন, নিহত ৩৩ ও আহত ৩৬ আরব সাগর থেকেও শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে: খামেনি সাবেক বাণিজ্য মেলার মাঠে তল্লাশি, ২০টির বেশি বিস্ফোরক উদ্ধার

লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত


  • আপলোড সময় : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৫২ এএম

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন সাধারণ যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও অন্তত সাত থেকে আটজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ব্যস্ততম বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ভারী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দিক হারিয়ে ট্রাকটি প্রথমে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং এরপর সজোরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন যাত্রী প্রাণ হারান এবং কমপক্ষে সাত-আটজন গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও এক যাত্রীর মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বা আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তারা সকলেই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

 

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর পাশাপাশি ৭ জন আহতের তথ্য নিশ্চিত করা গেছে। ঘন ঘন এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


এ সম্পর্কিত আরো খবর